চাকরিপ্রত্যাশী ও নিয়োগকর্তার জন্য আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম
দেশে বেকারত্ব হ্রাসের লক্ষ্যে যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে চাকরিপ্রত্যাশী এবং নিয়োগকর্তাদের একই ছাদের নিচে আনতে একটি কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্ম স্থাপনের কাজ শুরু হয়েছে। এর পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’ গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
প্রস্তাবিত এই সিস্টেমে চাকরিপ্রত্যাশীরা অনলাইনের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। অপরদিকে সরকারি-বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান তাদের শূন্যপদের বিবরণ পোর্টালে আপলোড করবে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার সাথে চাহিদার মিল পাওয়া গেলে তাদের সংযুক্ত করা হবে। প্রয়োজনে দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে। ক্ষমতাসীন দলের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
এছাড়া মন্ত্রণালয়টি ‘কর্মসংস্থান অধিদপ্তর’ গঠনের প্রক্রিয়াও এগিয়ে নিচ্ছে। প্রাথমিকভাবে দুই হাজারেরও বেশি জনবল নিয়ে এই অধিদপ্তর গঠনের প্রস্তাব পাঠানো হলেও জনপ্রশাসন মন্ত্রণালয় তা পর্যালোচনার নির্দেশ দেয়। বর্তমানে নিকার কমিটি জনবল কমিয়ে একটি বাস্তবসম্মত কাঠামো তৈরির নির্দেশনা দিয়েছে। ফলে অধিদপ্তরের চূড়ান্ত কাঠামো বা নাম এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

