সহিংসতায় সবচেয়ে ঝুঁকিতে কন্যাশিশু, আশঙ্কা মহিলা পরিষদের

প্রাইম বার্তা অনলাইন
২৮ জুলাই ২০২৬ ৯:৫০ এএম
সহিংসতায় সবচেয়ে ঝুঁকিতে কন্যাশিশু, আশঙ্কা মহিলা পরিষদের

জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, দেশে নারী ও কন্যাশিশুদের বিরুদ্ধে সহিংসতা এখন গভীর উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সোমবার প্রকাশিত ‘বাংলাদেশে নারী ও কন্যা নির্যাতন চিত্র-২০২৫’ শীর্ষক প্রতিবেদনে দেখা গেছে, বাল্যবিবাহ, ধর্ষণ এবং হত্যার মতো ঘটনায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে মেয়ে শিশুরা। জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং তথ্য উপস্থাপন করেন আফরুজা আরমান।

১৪টি জাতীয় দৈনিকের ভিত্তিতে প্রস্তুত এই সমীক্ষায় দেখা গেছে, কন্যাশিশুরা দলবদ্ধ ধর্ষণ, আত্মহত্যা এবং ধর্ষণের চেষ্টার শিকার হচ্ছে সবচেয়ে বেশি। পরিসংখ্যান অনুযায়ী, গত সময়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১৪২ জন, আত্মহত্যা করেছে ২০৩ জন এবং ধর্ষণের চেষ্টার শিকার হয়েছে ১১৭ জন শিশু। অন্যদিকে, প্রাপ্তবয়স্ক নারীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন হত্যা, ধর্ষণ এবং যৌন হয়রানির ঘটনায়। এর মধ্যে হত্যার সংখ্যা ৭৫৬, ধর্ষণ ৩৭৬ এবং যৌন হয়রানির ঘটনা ঘটেছে ১২৫টি।

মহিলা পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, বিচারহীনতার সংস্কৃতি এবং প্রভাবশালী মহলের হস্তক্ষেপ অপরাধীদের দায়মুক্তি দিচ্ছে। এছাড়া মামলার তদন্তে দীর্ঘসূত্রিতা এবং ভুক্তভোগীকেই দোষারোপ করার প্রবণতা এই সহিংসতা বৃদ্ধিতে প্রধান ভূমিকা রাখছে। এমন পরিস্থিতিতে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনের যথাযথ প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে সংগঠনটি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...