নতুন নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মিসবাহ উল আজীম
ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) তিনি এই দায়িত্ব গ্রহণ করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে। এর আগে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৯ সালের ২২ জুলাই পর্যন্ত তিন বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। ব্যাজ পরানোর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. শাহীনুর রহমান এবং সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমানসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৯৮৭ সালের ১ জানুয়ারি নৌবাহিনীতে যোগদান করা মিসবাহ উল আজীম মেরিটাইম গভর্ন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি রয়েল মালেশিয়ান নৌবাহিনীতে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং দীর্ঘ কর্মজীবনে কমান্ডার চট্টগ্রাম ও ঢাকা নৌ অঞ্চল, কমান্ডার সাবমেরিন ও বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। লেবানন ও গণতান্ত্রিক কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান রাখা এই নৌসেনাপতি সবশেষ ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কূটনৈতিক দায়িত্ব পালন করেছিলেন।

