সামিট গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধান: বিপিসি ও বিউবোর নথি চেয়েছে দুদক

প্রাইম বার্তা অনলাইন
২৩ জুলাই ২০২৬ ৪:৪৮ পিএম
সামিট গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধান: বিপিসি ও বিউবোর নথি চেয়েছে দুদক

বিদ্যুৎ খাতে বিশাল অঙ্কের আর্থিক অনিয়ম ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই অংশ হিসেবে সামিট গ্রুপের বিরুদ্ধে আনা হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ যাচাই করতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) কাছে সংশ্লিষ্ট নথিপত্র তলব করেছে সংস্থাটি। দুদকের উপ-পরিচালক ও যৌথ অনুসন্ধান টিমের প্রধান মো. আলমগীর হোসেনের সই করা চিঠিতে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে এসব রেকর্ড জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুদকের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক আকতারুল ইসলাম জানান, বিদ্যুৎ খাতে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছে কমিশন। সামিট গ্রুপের বিরুদ্ধে আনা মানি লন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ যাচাইয়ে অনুসন্ধান টিমটি কাজ করছে। তিনি আরও জানান, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অর্থপাচারসহ বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে, যা প্রমাণের জন্য দুই রাষ্ট্রায়ত্ত সংস্থার চেয়ারম্যান বরাবর তথ্য চাওয়া হয়েছে।

সূত্র জানায়, সামিট গ্রুপ বিদ্যুৎ খাতের অন্যতম বড় সরবরাহকারী হওয়ায় তাদের লেনদেন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের নথি খুবই গুরুত্বপূর্ণ। বিপিসি ও বিউবো থেকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত হাতে পাওয়ার পর এ বিষয়ে আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে দুর্নীতি দমন কমিশন। অনুসন্ধানের স্বার্থেই বিভিন্ন সরকারি দপ্তরে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুদকের এই কর্মকর্তা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...