যুবদের দক্ষতা বাড়াতে সরকারের নতুন উদ্যোগ ও কর্মসংস্থানের ওপর গুরুত্ব
যুব সমাজের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে তাদের দক্ষতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর ও উৎপাদনশীল অর্থনীতি গড়তে দক্ষ মানবসম্পদ তৈরিই সরকারের মূল অগ্রাধিকার। আগামীকাল বুধবার (১৫ জুলাই) ‘বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৬’ উপলক্ষে মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় সরকারপ্রধান এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তার পোস্টে উল্লেখ করেন, পরিবর্তনশীল বিশ্ব অর্থনীতি এবং প্রযুক্তির সাথে সামঞ্জস্য রেখেই তরুণ প্রজন্মকে গড়ে তোলার প্রতিশ্রুতি বর্তমান সরকারের। জাতিসংঘ ঘোষিত এই দিবসটি বাংলাদেশে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) যথাযোগ্য মর্যাদায় পালন করছে। তিনি আরও জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী পরিকল্পনার ধারাবাহিকতায় বর্তমানে সরকার যুবদের উৎপাদনশীল জনশক্তিতে রূপান্তরে কাজ করছে।
সরকারপ্রধান মনে করেন, যুবসমাজ দেশের সম্পদ। তাদের দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতা বিকশিত করতে পারলে শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। একইসঙ্গে বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও মজবুত হবে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলেও তিনি জানান।

