শফিকুর রহমানের তোপ: জুলাই যোদ্ধাদের অবহেলা আত্মার সাথে বিশ্বাসঘাতকতা
জাতীয় সংসদে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ বিষয়ে সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, দীর্ঘ সাড়ে ১৭ বছরের সংগ্রাম ও শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আন্দোলনের অবদানকে উপেক্ষা করা নিজেদের আত্মার সাথে চরম বিশ্বাসঘাতকতা।
মঙ্গলবার (১৪ জুলাই) সংসদের কার্যপ্রণালী বিধি মেনে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বিষয়টি উত্থাপন করলে আলোচনায় অংশ নেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জুলাইয়ের গণআন্দোলন কোনো আকস্মিক ঘটনা ছিল না, এটি স্বৈরশাসনবিরোধী লড়াইয়ের ফসল। শরীরে বুলেটের স্প্লিন্টার নিয়ে জীবন কাটানো মানুষগুলো যখন চিকিৎসার অভাবে দুর্বিষহ জীবনযাপন করছেন, তখন তাদের ভুলে যাওয়া কখনোই কাম্য নয়। তিনি সরকারি দলের কিছু সদস্যের অনভিজ্ঞতারও সমালোচনা করেন।
চিকিৎসার ব্যবস্থা নিয়ে সাবেক ও বর্তমান সরকারের ভূমিকার তুলনা টেনে ডা. শফিকুর রহমান বলেন, আগের সরকারের আমলেই ব্যাংককে চিকিৎসার ব্যবস্থা হয়েছিল, কিন্তু বর্তমানে বড় বড় কথা বলা সত্ত্বেও আহতরা সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। এই পরিস্থিতিতে তিনি সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা ও ভাতা কর্তন করে হলেও এসব যোদ্ধার পুনর্বাসনের দাবি জানান এবং নিজের সংসদীয় সুযোগ-সুবিধা বাতিলের ঘোষণা দেন।

