আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন প্রতিমন্ত্রী নুরুল হক
জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ পরিচালনার অভিযোগে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট দল হিসেবে অভিহিত করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। তিনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সম্পদ বাজেয়াপ্ত করে তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে ব্যয় করার প্রস্তাব দেন।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানের ৩৬ দিন এবং গত ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আহত ও পঙ্গু হওয়া ব্যক্তিদের তালিকা তৈরি করে রাষ্ট্রীয় ক্ষতিপূরণ প্রদানেরও দাবি জানান।
নুরুল হক নুর বলেন, এক-এগারোর সময়কার নীলনকশা ও প্রতিবেশী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করে ফ্যাসিবাদী রাষ্ট্র তৈরি করা হয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেনাবাহিনীকে দুর্বল করতে পিলখানা বিদ্রোহের নামে মেধাবী কর্মকর্তাদের হত্যা করেছে। তিনি শাপলা চত্বরে আলেমদের ওপর হামলা এবং বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে উচ্ছেদের ঘটনাকেও ফ্যাসিবাদী আচরণের উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর প্রতিশোধ না নেওয়ার নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট শক্তি গুম-খুন চালিয়ে ক্ষমতায় আসতে না পারে, সেজন্য রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিচার নিষ্পত্তি করতে হবে।

