গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সংসদ থেকে ওয়াকআউট ড. শফিকুর রহমানের
সংবিধান সংশোধন কমিটি গঠন ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে জাতীয় সংসদে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। সংস্কার পরিষদের মাধ্যমে গণভোটের রায় কার্যকর করার দাবি জানিয়ে অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। এর আগে দুই শপথের বিষয়ে সরব হয়ে বিরোধীদলের এই অবস্থানকে অসাংবিধানিক ও আবেগসর্বস্ব রাজনীতি বলে কঠোর সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গত সোমবার (১৩ জুলাই) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রস্তাবটি উঠলে তা প্রত্যাখ্যান করেন ড. শফিকুর রহমান। তিনি জানান, নীতিগতভাবে তারা কখনও এই কমিটিতে সদস্য পাঠানোর পক্ষে ছিলেন না এবং এটি গণভোটে জনগণের দেওয়া ম্যান্ডেটের পরিপন্থী। তিনি অভিযোগ করেন, গণভোটে ৬৮ দশমিক ৬ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছিল, যার ফলে সংস্কার পরিষণ গঠনের প্রতিশ্রুতি ছিল। সেই পরিষদকে বাইপাস করে সংসদীয় কমিটি গঠন করা হচ্ছে, যা তারা মেনে নিতে পারেন না।
ড. শফিকুর রহমান বলেন, তারা সংসদ সদস্য হিসেবে এবং সংস্কার পরিষদের সদস্য হিসেবে দুটি শপথ নিয়েছেন এবং উভয়টিই কার্যকর। জনগণের এই বিশাল ভোটের রায়কে অবজ্ঞা করলে ভবিষ্যতে মানুষ গণতন্ত্রের ওপর আস্থা হারাবে এবং বিদ্রোহী হয়ে উঠবে বলেও সতর্ক করেন তিনি। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিরোধীদলের দাবি ও দুই শপথের তত্ত্বকে ভিত্তিহীন ও অসাংবিধানিক বলে দাবি করেছেন। তিনি জানান, সংবিধান অনুযায়ী একজন সাংসদের একটিমাত্র শপথের বৈধতা রয়েছে এবং সংস্কার পরিষদের শপথ কোনো আইনি স্বীকৃতি পায়নি।

