মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল পাস: স্বাস্থ্যসেবায় কর্পোরেট খাতের হাতেখড়ি

প্রাইম বার্তা অনলাইন
১৩ জুলাই ২০২৬ ১১:৪২ পিএম
মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল পাস: স্বাস্থ্যসেবায় কর্পোরেট খাতের হাতেখড়ি

সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসা সেবাকে বাণিজ্যিকীকরণের পথ সুগম করতে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬’ এর খসড়া বিল জাতীয় সংসদে পাস হয়েছে। গত সোমবার (১৩ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন বিলটি উত্থাপন করলে কণ্ঠভোটে তা অনুমোদন লাভ করে। এর আগে বিলটি যাচাই-বাছাইয়ের জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল।

নতুন আইনের অধীনে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এখন থেকে সরাসরি চিকিৎসা সেবা বিক্রয়ের লক্ষ্যে ‘কোম্পানি আইন, ১৯৯৪’ অনুযায়ী লাভজনক বা অলাভজনক যেকোনো ধরনের কোম্পানি গঠন করতে পারবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব কোম্পানির শেয়ার অধিগ্রহণ, বিক্রয় বা হস্তান্তর করতে পারবে এবং এখান থেকে অর্জিত লভ্যাংশ শিক্ষা ও গবেষণার পাশাপাশি স্বাস্থ্যসেবা উন্নয়নে ব্যয় করার সুযোগ পাবে।

বিলটি নিয়ে সংসদে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে ব্যাপক মতপার্থক্য দেখা দেয়। সরকার দলের সদস্যরা এটিকে বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণের ইতিবাচক সূচনা হিসেবে দাবি করলেও, বিরোধী দল একে সরকারি স্বাস্থ্যখাতের বেসরকারিকরণের অপপ্রয়াস বলে অভিহিত করেছেন। তাদের আশঙ্কা, লাভের লোভে সরকারি হাসপাতালগুলো বাজারমুখী হয়ে পড়লে সাধারণ মানুষের সাশ্রয়ী চিকিৎসার অধিকার হুমকির মুখে পড়বে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...