মাদক পরিবহনে অস্ত্রবাহী প্রটোকল গাড়ি ব্যবহার, গ্রেফতার ৭
রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র ও গোলাবারুদসহ সাতজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে এই চক্রটি মাদক পরিবহনের জন্য ‘অস্ত্রবাহী প্রটোকল গাড়ি’ ব্যবহার করত বলে জানা গেছে। সোমবার সকালে গাবতলী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিবি অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসানো হলে পুলিশের সংকেত উপেক্ষা করে একটি গাড়ি ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে মো. জয়নালকে (৪২) গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যমতে দুটি প্রাইভেটকার তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, একটি এলজি, ১৫ রাউন্ড লিড বল কার্তুজ, ১ হাজার ৭৫০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ এবং ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় অভিযানে মো. সামিউল হক (৪৩), নুর ইসলাম সুরুজ (৪৪), মো. হাফিজুর রহমান ওরফে লালমিয়া (৪৫), সোহান চৌধুরী (৩০), মো. রবিউল ইসলাম মুন্না (২৪) ও মো. কাশেমকে (৩৫) গ্রেফতার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে এস্কাফ সিরাপ আনত এবং রাজধানীতে মাদক কারবারিদের কাছে সরবরাহ করত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

