মোহাম্মদপুরে চোরাই মোবাইল চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার শতাধিক ফোন
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে চোরাই মোবাইল ফোন ও যন্ত্রাংশ কেনাবেচার একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-২। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ জুলাই) বিকেলে নবীনগর হাউজিং সোসাইটির একটি বাসায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটক করা হয় মুন্না শেখ (২৯), নাসির উদ্দিন শান্ত (২৬) ও মো. নাসিম (২৮) নামের তিনজনকে।
রোববার (১২ জুলাই) র্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-২-এর উপ-অধিনায়ক নিফাজ রহমান জানান, সম্প্রতি মোবাইল চুরির ঘটনা বেড়ে যাওয়ায় চক্রটির ওপর গোয়েন্দা নজরদারি ছিল র্যাবের। ট্র্যাকিং এড়াতে তারা চুরি করা ফোনগুলো খুলে যন্ত্রাংশ আলাদাভাবে বিক্রি করতো। অভিযানে তাদের কাছ থেকে ৫টি নতুন অ্যান্ড্রয়েড ফোন, ১২৬টি পুরনো ফোন, ১৬৫টি ডিসপ্লে, ১৬টি ট্যাব এবং ৬৫টি মোবাইলের যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে চোর ও ছিনতাইকারীদের কাছ থেকে ফোন সংগ্রহ করে কম দামে বিক্রির কথা স্বীকার করেছে। এছাড়া অপরাধীদের সহায়তার জন্য তারা মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করে দিতো বলেও জানিয়েছেন এই র্যাব কর্মকর্তা। তিনি জানান, মাঠ পর্যায়ের চোররা ধরা পড়লেও এই কেনাবেচার সাথে জড়িতরা আগে ধরা পড়তো না। চক্রের বাকি সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

