ট্র্যাকিং এড়াতে মোবাইল ভেঙে যন্ত্রাংশ বিক্রি, আটক ৩

প্রাইম বার্তা অনলাইন
১৩ জুলাই ২০২৬ ১২:০০ এএম
ট্র্যাকিং এড়াতে মোবাইল ভেঙে যন্ত্রাংশ বিক্রি, আটক ৩

রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় চোরাই মোবাইল ও এর যন্ত্রাংশ কেনাবেচার একটি সক্রিয় চক্রের সন্ধান দিয়েছে র‍্যাব-২। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ জুলাই) বিকেলে এলাকাটির একটি বাসায় অভিযান চালিয়ে চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চুরি হওয়া মোবাইল ফোন, ট্যাবলেট ও ডিসপ্লে উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর এই সদস্যরা।

অভিযানে আটককৃতরা হলেন মুন্না শেখ (২৯), নাসির উদ্দিন শান্ত (২৬) এবং মো. নাসিম (২৮)। র‍্যাব সূত্রে জানা যায়, সম্প্রতি রাজধানীজুড়ে মোবাইল চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় চোরাই ফোনের বাজার ও এর কারিগরদের ওপর নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় ওই বাসায় অভিযান চালিয়ে ৫টি নতুন অ্যান্ড্রয়েড ফোন, ১২৬টি পুরনো মোবাইল সেট, ১৬৫টি ডিসপ্লে, ১৬টি ট্যাবলেট ও ৬৫টি বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়।

রোববার (১২ জুলাই) র‍্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-২-এর উপ-অধিনায়ক নিফাজ রহমান জানান, ট্র্যাকিং এড়াতেই চক্রটি ফোনগুলো ভেঙে যন্ত্রাংশ আলাদা করে বিক্রি করত। এছাড়া অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য তারা চুরি করা ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে দিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন ধরে এই পেশায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ বিষয়ে র‍্যাব কর্মকর্তা আরও বলেন, মাঠ পর্যায়ের চোর-ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা হলেও এই কেনাবেচাকারীরা ধরাছোঁয়ার বাইরে ছিল। এই চক্রে আরও অনেকে জড়িত থাকায় তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...