জনসংখ্যা লভ্যাংশ কাজে লাগাতে এমপিদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ

প্রাইম বার্তা অনলাইন
১২ জুলাই ২০২৬ ১১:০৩ পিএম
জনসংখ্যা লভ্যাংশ কাজে লাগাতে এমপিদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ

বৈষম্যহীন ও মানবসম্পদভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে সংসদ সদস্যদের (এমপি) ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের বর্তমান জনসংখ্যা রূপান্তর প্রক্রিয়াকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে এমপিদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

রোববার (১২ জুলাই) জাতীয় সংসদের শপথ কক্ষে ‘পার্লামেন্টস রোল ইন রিয়ালাইজিং পপুলেশন ডিভাইডেন্ডস এসডিজিস’ শীর্ষক এক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এবং সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে এই কর্মশালা শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি এমপি।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তার বক্তব্যে জনমিতিক লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাল্যবিয়ে প্রতিরোধ, কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য সুরক্ষা এবং জেন্ডার সমতা নিশ্চিত করতে সংসদীয় কমিটিগুলোর মাধ্যমে আইনি কাঠামো শক্তিশালী করতে হবে। তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারলেই একটি সুন্দর ভবিষ্যৎ গড়া সম্ভব হবে। এ সময় তিনি সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, বর্তমানে বাংলাদেশ এমন একটি পর্যায় অতিক্রম করছে যেখানে বিপুল সংখ্যক মানুষ তরুণ। এই সুযোগকে অর্থনৈতিক সমৃদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে তরুণদের দক্ষ ও সুস্থ রাখা জরুরি। তিনি সতর্ক করে বলেন, সঠিক পরিকল্পনা ও বিনিয়োগের অভাবে এই জনসংখ্যা যদি দক্ষ মানবসম্পদে পরিণত না হয়, তবে তা সামাজিক ও অর্থনৈতিকভাবে বোঝা হয়ে দাঁড়াতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...