পানিবন্দিদের মাঝে ত্রাণ নিয়ে মেয়র শাহাদাত, সঙ্গে এমপি ও সিডিএ চেয়ারম্যান

প্রাইম বার্তা অনলাইন
১১ জুলাই ২০২৬ ৮:১১ এএম
পানিবন্দিদের মাঝে ত্রাণ নিয়ে মেয়র শাহাদাত, সঙ্গে এমপি ও সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রামে গত কয়েকদিনের অবিরাম ভারী বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতার কবলে পড়া পানিবন্দি মানুষের মাঝে হাত বাড়িয়ে দিয়েছেন নগর পিতা ডা. শাহাদাত হোসেন। শুক্রবার (১০ জুলাই) তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেন এবং আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের হাতে ত্রাণসামগ্রী ও গরম খাবার তুলে দেন।

এসময় তার সাথে ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। তারা পাঁচলাইশ থানার ৩ নম্বর ওয়ার্ডের অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক এলাকা, ওয়াজেদিয়া, বোর্ড অফিস, চালিতাতলী বাজার, হাজীপাড়া ও শহীদনগরসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। দুর্গত মানুষের দুর্দশার কথা শোনেন এবং তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।

মেয়র জানান, মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতের ফলে নগরীর বিভিন্ন স্থানে পানি জমেছে। পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রাম সিটি করপোরেশন, সিডিএ, ওয়াসা, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ব্রিগেড এবং জেলা প্রশাসন যৌথভাবে কাজ করছে। মেয়রের পক্ষ থেকে এ পর্যন্ত প্রায় ১০ হাজার পরিবারের মাঝে শুকনো ও রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, মানুষের জীবন রক্ষাই এখন মূল লক্ষ্য। পানি দ্রুত নিষ্কাশনে প্রকৌশলীদের নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...