বন্যাদুর্গতদের পুনর্বাসনে প্রশাসন ও জনপ্রতিনিধিদের নির্দেশ প্রধানমন্ত্রীর
সারাদেশে চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১০ জুলাই) বিকেলে বন্যাকবলিত বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনদের সাথে ভিডিও কনফারেন্সে আলোচনার মাধ্যমে এই নির্দেশনা প্রদান করেন তিনি।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি উদ্ধার, ত্রাণ বিতরণ, চিকিৎসা সেবা এবং পুনর্বাসন কার্যক্রম আরও সুশৃঙ্খল ও দ্রুত পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সার্বিক কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করবেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত।
পরিস্থিতি সরেজমিন দেখতে শনিবার (১১ জুলাই) অনিন্দ ইসলাম অমিত ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন চট্টগ্রাম সফরে যাবেন। কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন যে, কিছু এলাকায় বন্যার পানি কমতে শুরু করেছে। এছাড়া বন্যাকবলিত এলাকার নারী, শিশু ও গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ চিকিৎসা সেবা ও যত্নের নির্দেশ দেন তিনি। দুর্যোগের সুযোগে কেউ যেন চুরি বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

