পাহাড়ি বন্যায় বিপর্যস্ত তিন পার্বত্য জেলা, মন্ত্রণালয়ে স্থাপিত হলো কন্ট্রোল রুম
টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিন পার্বত্য জেলায় বন্যা ও ভূমিধসের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ অবস্থায় স্থানীয় প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জরুরি প্রয়োজনে যে কোনো সহায়তার জন্য উপসচিব মঙ্গল চন্দ্র পাল এবং প্রশাসনিক কর্মকর্তা মো. আজিজুল ইসলামের সাথে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলায় গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতের ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। রাঙ্গামাটির বাঘাইছড়ি ও বিলাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে, ফলে হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এছাড়া চট্টগ্রামেও প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী ও জেলা প্রশাসন মাঠে কাজ করছে।
বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে রাঙ্গামাটির দিঘীনালা-বাঘাইছড়ি সড়কের একটি অংশ ধসে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে দেশের বৃহত্তম উপজেলা বাঘাইছড়ি প্রায় অচল হয়ে পড়েছে। সার্বিক পরিস্থিতি মনিটরিং ও দুর্যোগ মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নিতে মন্ত্রণালয়ের এই কন্ট্রোল রুম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

