নরসিংদীতে বাকপ্রতিবন্ধী ববি হত্যা: ৪০ হাজার টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৬

প্রাইম বার্তা অনলাইন
১০ জুলাই ২০২৬ ২:৩৮ পিএম
নরসিংদীতে বাকপ্রতিবন্ধী ববি হত্যা: ৪০ হাজার টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৬

নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। শুক্রবার (১০ জুলাই) দুপুরে র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত গ্রেফতারদের নাম পরিচয় প্রকাশ করেনি আইনশৃঙ্খলা বাহিনীর এই সংস্থাটি।

গত ৪ জুলাই গভীর রাতে মেথিকান্দা রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঢুকে ওই বৃদ্ধার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। মারধর করে তার দীর্ঘদিনের সঞ্চয় প্রায় ৪০ হাজার টাকা লুট করে পালায় হামলাকারীরা। স্টেশন কর্মীদের সহায়তায় তাকে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি হলে ৭ জুলাই তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়। স্থানীয়দের বর্ণনায়, প্রায় দুই যুগ ধরে নিরবে স্টেশনের পরিচ্ছন্নতার কাজ করে আসছিলেন ববি বেগম।

র‍্যাব জানায়, এ হত্যা ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ছয়জনকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই গ্রেফতার ও মামলার বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...