বিদেশে কর্মী পাঠাতে ১১০ প্রতিষ্ঠানে চলছে দক্ষতা প্রশিক্ষণ
বৈদেশিক শ্রমবাজার ধরে রাখতে এবং আরও সম্প্রসারিত করতে দক্ষ ও আধুনিক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে ১১০টি প্রতিষ্ঠানে ৫৫টি নানা ধরনের কোর্সের মাধ্যমে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য মো. হারুন-অর-রশিদের প্রশ্নের জবাবে এ কথা জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটি বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় বিএমইটির ১১০টি প্রশিক্ষণ ইনস্টিটিউটে স্বল্প ও দীর্ঘমেয়াদী ৫৫টি কোর্সে বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া গন্তব্য দেশে ভাষাগত সমস্যা কাটিয়ে উঠতে আরবি, জাপানি, কোরিয়ান, ইংরেজি, চাইনিজ, জার্মান ও ইতালিয়ান ভাষার ওপরও রয়েছে ব্যবস্থা।
সারাদেশে প্রশিক্ষণ সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে উপজেলা পর্যায়ে ৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এরই মধ্যে রাজবাড়ীর পাংশা উপজেলায় কাজ শুরু হয়েছে। সরকারের এসব উদ্যোগ বৈদেশিক কর্মসংস্থানে বাংলাদেশিদের দক্ষতা বাড়াতে এবং দেশের রেমিট্যান্স প্রবাহ সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

