আওয়ামী লীগ আমলে ক্রসফায়ারে নিহতদের তথ্য চেয়ে লিগ্যাল নোটিশ
আওয়ামী লীগের শাসনামলে আইনশৃঙ্খলা বাহিনীর কথিত বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ারে নিহতদের সরকারি রেকর্ড প্রকাশের নির্দেশ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু এই নোটিশটি জারি করেন।
এই নোটিশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে বিবাদী করা হয়েছে। তাদের কাছে এসব ঘটনার সুনির্দিষ্ট তথ্য দাখিলের দাবি জানানো হয়েছে।
নোটিশে সরকারি রেকর্ড অনুযায়ী মোট কতজন নিহত হয়েছেন তার পূর্ণাঙ্গ তালিকা দাখিল করতে বলা হয়েছে। এতে নিহত প্রত্যেকের নাম, বাবা-মায়ের নাম, ঠিকানা, ঘটনার তারিখ, সময় ও স্থানের বিবরণ এবং কোন বাহিনী এই অভিযান চালিয়েছে তা জানতে চাওয়া হয়েছে। এছাড়া অভিযানে নেতৃত্বদানকারী ও অংশগ্রহণকারী কর্মকর্তাদের নাম ও পদবি জানতে চেয়েছেন আইনজীবী।
আরও বলা হয়েছে, প্রতিটি ঘটনায় দায়ের করা মামলা বা জিডি, সুরতহাল, ময়নাতদন্ত এবং ম্যাজিস্ট্রেট বা বিভাগীয় তদন্ত প্রতিবেদনের অবস্থা ও ফলাফল সরকারের পক্ষ থেকে প্রকাশ করতে হবে। আইনগতভাবে প্রকাশযোগ্য সব তথ্যই এই তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।

