তিন জেলায় নতুন তিন উপজেলা: ফটিকছড়ি উত্তর, দক্ষিণ গফরগাঁও ও বাঙ্গরা অনুমোদন
প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার চট্টগ্রাম, ময়মনসিংহ ও কুমিল্লা জেলার তিনটি বিদ্যমান উপজেলাকে ভেঙে তিনটি নতুন উপজেলা গঠনের উদ্যোগ নিয়েছে। বুধবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে এ সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জাতীয় বাস্তবায়ন কমিটির ১২১তম সভার সিদ্ধান্তের আলোকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভূজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল—এই ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত হবে ফটিকছড়ি উত্তর উপজেলা। এর সদর দপ্তর স্থাপন করা হবে ভূজপুর ইউনিয়নের পশ্চিম ভূজপুর মৌজায়। এখানে ২৪টি দপ্তরের জন্য ৪০টি কর্মকর্তাসহ ২৩৮ জন কর্মকর্তা-কর্মচারী নিযুক্ত থাকবেন।
একইভাবে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী, পাঁচবাগ, উস্থি, লংগাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী ও টাংগাব ইউনিয়ন নিয়ে গঠন করা হলো দক্ষিণ গফরগাঁও উপজেলা। এর প্রশাসনিক কার্যালয় হবে উস্থি ইউনিয়নের নয়াবাড়ী মৌজায়। অন্যদিকে, কুমিল্লার মুরাদনগর থেকে শ্রীকাইল, আকুবপুর, আন্দিকোট, পূর্বধৈইর (পূর্ব ও পশ্চিম), বাঙ্গরা (পূর্ব ও পশ্চিম), চাপিতলা, রামচন্দ্রপুর (উত্তর) এবং টনকী ইউনিয়ন নিয়ে নতুন বাঙ্গরা উপজেলা তৈরি করা হয়েছে। নতুন এসব উপজেলার কার্যক্রম শুরু করতে সংশ্লিষ্ট অফিসের অবকাঠামো ও জনবল নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।

