দেশের বিভিন্ন স্থানে আরও ২ দিন বন্যা পরিস্থিতি থাকতে পারে
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এর ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে না বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বৃহস্পতিবার (৯ জুলাই) জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারের সাঙ্গু, মাতামুহুরী নদী তীরবর্তী এলাকায় বন্যা অব্যাহত থাকতে পারে। ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির গোমতী, মুহুরি, ফেনী, সেলোনিয়া ও হালদা নদীর নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালীর নিম্নাঞ্চলও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
মৌলভীবাজার ও হবিগঞ্জের মনু, ধলাই ও খোয়াই নদীর অবস্থা স্থিতিশীল থাকলেও সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহের কিছু এলাকায় স্বল্পমেয়াদী বন্যার সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৩ দিনে সুরমা-কুশিয়ারার পানি দ্রুত বৃদ্ধি পেলে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
উত্তরাঞ্চলের নীলফামারী, লালমনিরহাট ও রংপুরে তিস্তা নদী বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া লালমনিরহাট ও কুড়িগ্রামের ধরলা ও দুধকুমার নদীও আগামী ৭২ ঘণ্টায় সতর্ক সীমা অতিক্রম করতে পারে, যার ফলে ওই অঞ্চলগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

