দেশেই তৈরি হবে যুদ্ধজাহাজ, নেদারল্যান্ডসের সাথে ফলপ্রসূ আলোচনা
বাংলাদেশের শিপইয়ার্ডগুলোতে আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের লক্ষ্যে নেদারল্যান্ডসের সাথে কারিগরি সহযোগিতা ও প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সাথে ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেলের এক সৌজন্য সাক্ষাতে এই আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশীয় শিপইয়ার্ডে যুদ্ধজাহাজ তৈরিতে ডাচ প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা তুলে ধরা হয়। দুই দেশের মধ্যে চমৎকার কূটনৈতিক সম্পর্কের ভিত্তিতে সামরিক খাতে পারস্পরিক স্বার্থে কাজ করার আগ্রহ প্রকাশ করেন উভয় পক্ষ। জাহাজ নির্মাণে নেদারল্যান্ডসের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও বিশ্বমানের কারিগরি দক্ষতা বাংলাদেশের জন্য কাজে লাগানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উন্নয়নে নেদারল্যান্ডসের সম্ভাব্য সহযোগিতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা ও প্রশিক্ষণ কর্মসূচি আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এই সাক্ষাত দুই দেশের মধ্যকার সামরিক সম্পর্ককে নতুন মাত্রা দিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

