ভারী বর্ষণেও জননিরাপত্তায় সতর্ক চট্টগ্রাম পুলিশ
টানা ভারী বর্ষণে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হলেও জনগণের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ বা যেকোনো প্রতিকূল পরিস্থিতিতেই আইনশৃঙ্খলা রক্ষা ও মানুষের পাশে দাঁড়ানোই পুলিশের মূল দায়িত্ব।
বুধবার (৮ জুলাই) চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসের ব্যারাক, ডাইনিং, রেশন স্টোর, অস্ত্রাগার, পুলিশ খামার এবং পুলিশ লাইনস স্কুলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন পুলিশ সুপার। এসময় জলাবদ্ধতার কারণে পুলিশ সদস্যদের বসবাস ও কর্মপরিবেশের ওপর প্রভাব এবং জরুরি সেবা কার্যক্রমের স্বাভাবিকতা নিশ্চিতে তিনি খোঁজখবর নেন।
পরিদর্শনকালে এসপি মাসুদ আলম সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ ও ড্রেনেজ ব্যবস্থা সচল রাখার নির্দেশ দেন। এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম প্রস্তুত রাখা, ব্যারাক ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং দাপ্তরিক কাজ স্বাভাবিক রাখতেও তিনি নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি পুলিশ সদস্যদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দেন তিনি।
জেলা পুলিশ জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। জরুরি পুলিশি সেবা অব্যাহত রাখতে এবং জেলা পুলিশ লাইনসের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জননিরাপত্তা ও পুলিশের নিজস্ব কল্যাণ নিশ্চিতে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

