জাদুশিল্পের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত, মিলবে রাষ্ট্রীয় স্বীকৃতি

প্রাইম বার্তা অনলাইন
০৯ জুলাই ২০২৬ ৮:৪৮ এএম
জাদুশিল্পের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত, মিলবে রাষ্ট্রীয় স্বীকৃতি

দেশের জাদুশিল্পীদের জন্য দীর্ঘদিনের দাবি পূরণ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ঘোষণা এসেছে সরকারের পক্ষ থেকে। এই শিল্পকে পারফর্মিং আর্ট বা মঞ্চ শিল্পের স্বীকৃতি দিয়ে এটিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাভুক্ত করার নির্দেশ দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এর ফলে জাদুশিল্পীরা এখন থেকে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা এবং আর্থিক অনুদান পাওয়ার পথ খুলে গেল।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘জাদুশিল্পী ঐক্য সংস্থা’ আয়োজিত ‘অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। এসময় তিনি জানান, আগামী অর্থবছরে বাজেট থেকে জাদুশিল্পীদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে। এছাড়া শিল্পকলা একাডেমিতে মাসে অন্তত একবার জাদুর প্রদর্শনীর আয়োজন করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুকর জুয়েল আইচ। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এটি দেশের জাদুশিল্পের জন্য এক নতুন দিগন্ত। জাদুশিল্পী ঐক্য সংস্থার সভাপতি শাহীন শাহসহ অন্যান্যদের উপস্থিতিতে এই ঐতিহাসিক ঘোষণা আসে বলে জানা যায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজাউদ্দিন স্টালিন, বিপাশা আইচ, সাজেদুর রহমান মুনীম, মো. সাইফুল ইসলাম এবং রোকসানা আখতার রিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...