ঢাকায় পাক হাইকমিশনার, দুই দেশের বাণিজ্য বাড়ার প্রত্যাশা

প্রাইম বার্তা অনলাইন
০৯ জুলাই ২০২৬ ১:৩০ এএম
ঢাকায় পাক হাইকমিশনার, দুই দেশের বাণিজ্য বাড়ার প্রত্যাশা

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সম্প্রতি সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদ ভবনে মন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। পাকিস্তান হাইকমিশনার বৈঠকে ভবিষ্যতে দুই দেশের মধ্যকার বাণিজ্য আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও আনারসের মতো ফল আমদানির পাশাপাশি নারী উদ্যোক্তাদের পণ্য রপ্তানির সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়। মন্ত্রী ডা. জাহিদ হোসেন পাকিস্তানের কাছে বাংলাদেশি নারীদের তৈরি পণ্য রপ্তানিতে বাধা দূরীকরণে সহযোগিতার আশা প্রকাশ করেন। ইমরান হায়দার জানান, পাকিস্তানে বাংলাদেশের জন্য ১০ হাজার টন পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা রয়েছে। তিনি জানান, গত বছরের তুলনায় এবার দুই দেশের বাণিজ্য ২০ শতাংশ বেড়েছে এবং এর ধারা অব্যাহত থাকবে।

দুই দেশের সামাজিক ও শিক্ষা খাতে সহযোগিতার বিষয়েও এ সময় আলোচনা হয়। সাইবার সিকিউরিটি, ন্যানো টেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের শিক্ষার্থীরা পাকিস্তানে যাচ্ছে বলে জানান হাইকমিশনার। এছাড়া বাংলাদেশ সিভিল সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি দল সম্প্রতি পাকিস্তান সফর করেছেন। বৈঠকে নারী শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারীদের আত্মকর্মসংস্থানের বিষয়েও গুরুত্বের সাথে আলোচনা হয়। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এনডিসি এবং পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...