শহীদ ওসমান হাদির পরিবারের দাবিতে ইনকিলাব সেন্টার ছাড়লেন জাবের-জুমা

প্রাইম বার্তা অনলাইন
০৯ জুলাই ২০২৬ ১:৫২ এএম
শহীদ ওসমান হাদির পরিবারের দাবিতে ইনকিলাব সেন্টার ছাড়লেন জাবের-জুমা

ইনকিলাব কালচারাল সেন্টারের শীর্ষ দুই কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবের ও ফাতিমা তাসনিম জুমা তাদের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বুধবার (৮ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান তারা। সংগঠনটির প্রতিষ্ঠাতা শহীদ ওসমান হাদির পরিবারের সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে এবং বিদ্যমান দলিলপত্রের ভিত্তিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

ফেসবুকে দেওয়া বক্তব্যে আব্দুল্লাহ আল জাবের উল্লেখ করেন, শহীদ ওসমান হাদি জীবদ্দশায় প্রতিষ্ঠানটির জন্য একটি ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়েছিলেন, যা তিনি পূর্ণ করতে পারেননি। গত ছয় মাস ধরে উত্তরাধিকার সংক্রান্ত বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও পরিস্থিতি জটিল আকার ধারণ করে। তিনি বলেন, জনতার আমানত হিসেবে পরিচালিত এই প্রতিষ্ঠানটি শহীদের সম্মান রক্ষার্থে এবং আইনগত দলিলের ভিত্তিতে দাবিদারদের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

অন্যদিকে, ফাতিমা তাসনিম জুমা তার পোস্টে জানান, বাংলাদেশপন্থি সংস্কৃতির প্রসারের লক্ষ্যে তিনি এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছিলেন। তবে সময়ের পরিক্রমায় সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেে রাজনীতি জড়িয়ে পড়া এবং উত্তরাধিকার ইস্যুতে বিভিন্ন অপপ্রচারের কারণে তিনি মানসিকভাবে চাপে পড়েন। এমন পরিস্থিতিতে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিলেও সংগঠনের অঙ্গ প্রতিষ্ঠান ইনকিলাব মঞ্চের কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...