দ্বিপাক্ষিক বাণিজ্য ও সহযোগিতা বাড়াতে আগ্রহ পাক হাইকমিশনারের
বাংলাদেশে নিয়োজিত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেছেন, ঢাকা ও ইসলামাবাদের মধ্যে বাণিজ্যিক লেনদেন আরও বৃদ্ধি পাবে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদ ভবনস্থ মন্ত্রীর কার্যালয়ে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। এসময় উভয় দেশের স্বার্থ-সংশ্লিষ্ট নানা বিষয় নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকে নারী শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারীদের আত্মকর্মসংস্থানের মতো সামাজিক বিষয়ের পাশাপাশি কৃষি, ডেইরি, মৎস্য ও বাণিজ্য নিয়েও কথা হয়। মন্ত্রী ডা. জাহিদ হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার কথা উল্লেখ করেন। এছাড়া তিনি বাংলাদেশি নারী উদ্যোক্তাদের পণ্য এবং আম, কাঁঠাল ও আনারসের হ্যান্ডস-ফ্রি রপ্তানির জন্য পাকিস্তানের সহযোগিতা কামনা করেন।
পাকিস্তান হাইকমিশনার জানান, গত বছরের তুলনায় দুই দেশের ব্যবসা-বাণিজ্য ইতোমধ্যে ২০ শতাংশ বেড়েছে। তিনি বাংলাদেশের জন্য ১০ হাজার টন পণ্যের শুল্কমুক্ত রপ্তানি সুবিধার কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ যেন এই সুযোগ কাজে লাগায়। এছাড়াও সাইবার সিকিউরিটি, ন্যানো টেকনোলজি ও এআই-তে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তান যাওয়া এবং বাংলাদেশ সিভিল সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশিক্ষণ সফরের কথাও তিনি আলোচনায় তুলে ধরেন।

