ইনকিলাব সেন্টার ছাড়লেন জাবের, দিল্লির দালালদের উদ্দেশে হুঁশিয়ারি
সম্প্রতি ইনকিলাব কালচারাল সেন্টার থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল জাবের। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এই পদত্যাগ শুধুমাত্র কালচারাল সেন্টারের এবং তিনি ইনকিলাব মঞ্চ থেকে সরে যাননি। বুধবার (৮ জুলাই) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এসব কথা জানান। একই সাথে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ফাতিমা তাসনিম জুমাও দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
জানা গেছে, শহীদ ওসমান হাদির ওয়ারিশদের দাবির পরিপ্রেক্ষিতে এবং বিদ্যমান দলিল-দস্তাবেজের ভিত্তিতে কালচারাল সেন্টারটি প্রকৃত দাবিদারদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেসবুকে দেওয়া বক্তব্যে জাবের উল্লেখ করেন, শহীদ ওসমান হাদি শাহাদাতের আগে সংগঠনটির জন্য একটি ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়েছিলেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই এটি ‘জনতার আমানত’ হিসেবে পরিচালিত হওয়ার পরিকল্পনা ছিল। গত ছয় মাস ধরে ওয়ারিশদের বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও পরিস্থিতি জটিল আকার ধারণ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পদত্যাগের পর দিল্লির সেবাদাস বা দালালদের উদ্দেশ্যে জাবের কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেন, দিল্লির সেবাদাসদের খুশি হওয়ার কোনো কারণ নেই। তিনি আরও জানান, আজাদির এই লড়াইকে কোনোভাবেই থামানো যাবে না। তার এই ঘোষণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।

