এআই ও ডিপফেকের অপব্যবহার রুখতে কঠোর পদক্ষেপ সরকারের
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিপফেক প্রযুক্তির অপব্যবহার থেকে সৃষ্ট গুজব ও সাইবার অপরাধ দমনে সরকার নীতিগত এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতেও কাজ করছে সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। গতকাল বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) তাদের ‘বাংলাফ্যাক্ট’ প্ল্যাটফর্মের মাধ্যমে এ খাতে কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত সংস্থাটি ৮৬০টি ফ্যাক্ট-চেক, বিশ্লেষণধর্মী প্রতিবেদন এবং অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। এছাড়া ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট, পেজ এবং গুজব ছড়ানোর সাথে জড়িত ওয়েবসাইটগুলো শনাক্ত করার কাজও চলমান রয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচটি তথ্য যাচাই করে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে।
সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে একটি ‘ফ্যাক্ট-চেকিং ম্যানুয়াল’ প্রকাশের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী। তিনি আরও উল্লেখ করেন, ডিজিটাল প্ল্যাটফর্মে গুজব ও অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংস্থার সমন্বয়ে কার্যক্রম অব্যাহত আছে। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করেই এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে।

