সবুজ অর্থনীতিতে বাংলাদেশ: ২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ এখন নবায়নযোগ্য জ্বালানিতে বড় গুরুত্ব দিচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জাতীয় সংসদে জানিয়েছেন, আগামী ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের রোডম্যাপ তৈরি করা হয়েছে। এছাড়া সৌরবিদ্যুৎ খাতে ১০ হাজার মেগাওয়াট উৎপাদন সক্ষমতা অর্জনেরও লক্ষ্যমাত্রা স্থির করেছে সরকার।
বুধবার জাতীয় সংসদ অধিবেশনে যশোর-৬ আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে দেশে বিদ্যুতের দৈনিক চাহিদা ১৬ হাজার ৫০০ থেকে ১৭ হাজার ৫০০ মেগাওয়াটের মধ্যে ওঠানামা করে। এর বিপরীতে জাতীয় গ্রিডে গড়ে ১৫ হাজার ৫০০ থেকে ১৭ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। গত ২০ মে দেশে সর্বোচ্চ ১৭ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য সরকার সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালে ছাদভিত্তিক সোলার স্থাপন করছে। পাশাপাশি বিদ্যুতের অপচয় রোধে প্রিপেইড মিটার এবং বিতরণ ব্যবস্থায় সিস্টেম লস কমানোর কাজ এগিয়ে চলছে। যশোরের কেশবপুর এলাকায় বর্তমানে ১৯ মেগাওয়াট বিদ্যুতের বিপরীতে ২২ মেগাওয়াট চাহিদা রয়েছে বলেও জানান তিনি।

