চামড়া রপ্তানি ১২ বিলিয়ন ডলারে উন্নীত করতে সরকারের রোডম্যাপ
দেশের চামড়া শিল্পকে আরও গতিশীল করতে এবং বার্ষিক রপ্তানি আয় ১০ থেকে ১২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চলতি জুলাই মাসের মধ্যেই একটি সমন্বিত রোডম্যাপ গ্রহণ করতে যাচ্ছে সরকার। বুধবার জাতীয় সংসদে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান।
সাভার চামড়া শিল্পনগরীর উন্নয়ন ও পরিবেশগত সমস্যা সমাধানে ইতালীয় প্রতিষ্ঠান ইতালপ্রোজেত্তির কারিগরি মূল্যায়ন সম্পন্ন হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) সক্ষমতা জরুরি ভিত্তিতে ২৫ হাজার ঘনমিটারে উন্নীত করা হবে, যা পর্যায়ক্রমে ৫০ হাজারে নেওয়া হবে। এছাড়া বর্জ্য থেকে প্রোটিন পাউডার, জৈব সার ও জেলাটিন উৎপাদনের মাধ্যমে সার্কুলার ইকোনমি বা পুনর্ব্যবহারযোগ্য অর্থনীতির ধারণা বাস্তবায়ন করছে সরকার। ইতিমধ্যে ক্রোম শেভিং ডাস্ট থেকে শিল্পে ব্যবহারযোগ্য প্রোটিন পাউডার উৎপাদন শুরু হয়েছে।
চামড়া শিল্প উদ্যোক্তাদের জন্য ব্যাংক ঋণ ও নগদ সহায়তা সহজ করতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি। শিল্পমন্ত্রী আশা প্রকাশ করেন, ২০২৬ সালের জুলাইয়ের মধ্যে এই রোডম্যাপ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের চামড়া শিল্প বিশ্ববাজারে আরও প্রতিযোগিতামূলক ও পরিবেশসম্মত শিল্পে পরিণত হবে এবং লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জন করতে সক্ষম হবে।

