সমাবেশে বিদ্যুৎ বন্ধ ও বিস্ফোরণ: সংসদে প্রতিবাদ জানালেন এমপি আখতার

প্রাইম বার্তা অনলাইন
০৭ জুলাই ২০২৬ ৭:৫৮ পিএম
সমাবেশে বিদ্যুৎ বন্ধ ও বিস্ফোরণ: সংসদে প্রতিবাদ জানালেন এমপি আখতার

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পথযাত্রা’ সমাবেশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং পরিস্থিতি উত্তপ্ত করার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্য আখতার হোসেন। মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে দাঁড়িয়ে তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং স্পিকারের মাধ্যমে সরকারের কাছে বিরোধী দলের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবি জানান।

সংসদে আখতার হোসেন অভিযোগ করেন, নেতৃবৃন্দ মঞ্চে আসার ঠিক আগ মুহূর্তে রহস্যজনকভাবে সমাবেশস্থলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এরপরই বিদ্যুৎহীন অন্ধকারে বক্তব্যরত অবস্থায় দর্শকদের মাঝখানে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটানো হয়। এতে সমাবেশস্থলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে বলে তিনি জানান।

এই ঘটনায় অনেক কর্মী ও নেতা রক্তাক্ত হয়ে গুরুতর আহত হন। পরিস্থিতি এমন বিপজ্জনক হয়ে ওঠে যে সমাবেশ সংক্ষিপ্ত করতে বাধ্য হন দলীয় নেতারা। পরে ওই ঘটনায় আইনি পদক্ষেপ নিতে স্থানীয় থানায় অবহিত করা হয়। উল্লেখ্য, এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপিসহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আখতার হোসেন তার বক্তব্যে সংবিধানের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ক্ষমতাসীন দলের যেমন সমাবেশ করার অধিকার আছে, তেমনি বিরোধী দলেরও নির্বিঘ্নে রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার রয়েছে। এই অধিকার খর্ব করা গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী। তিনি ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদিচ্ছা ও পদক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...