সাবেক ফ্যাসিস্ট সরকারের দোসর কর্মকর্তাদের চিহ্নিতে মাঠে তদন্ত সংস্থা
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, সদ্য বিদায়ী ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখতে যেসব কর্মকর্তা সোচ্চার ভূমিকা পালন করেছেন, তাদের চিহ্নিত করতে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার (৭ জুলাই) স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
প্রতিমন্ত্রী জানান, মাঠ পর্যায়ে কর্মরত কোনো কর্মকর্তার নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হলে তাকে সাময়িক বরখাস্তসহ বিভাগীয় মামলার আওতায় আনা হয়, যা তার ডোসিয়ারে সংরক্ষিত থাকে এবং ভবিষ্যতে পদোন্নতিতে বাধাদানকারী হিসেবে কাজ করে। এছাড়া সরকারি চাকরিতে মেধা, সততা ও যোগ্যতাকে একমাত্র মানদণ্ড হিসেবে নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বর্তমানে ১৪ লাখ ৬৪ হাজার কর্মচারীর বিপরীতে ৫ লাখ ২১ হাজারেরও বেশি পদ খালি রয়েছে এবং নারী কর্মীদের অংশগ্রহণ ২৯ শতাংশ।
বিসিএস পরীক্ষার গতি বৃদ্ধির বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ৪৭তম বিসিএসে বিজ্ঞপ্তি প্রকাশের মাত্র ১ বছর ৭ মাসের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। আগামীতে ৫০তম বিসিএসের ফলাফল বিজ্ঞপ্তির এক বছরের মধ্যে প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

