নারী ও শিশু উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাজ্য

প্রাইম বার্তা অনলাইন
০৭ জুলাই ২০২৬ ৯:৫৮ পিএম
নারী ও শিশু উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাজ্য

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জে ডি এম জাহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। এ সময় দেশের চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে পূর্ণাঙ্গ সহযোগিতার আশ্বাস দেন ব্রিটিশ হাইকমিশনার। বৈঠকে মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন পারভীন উপস্থিত ছিলেন।

বৈঠককালে নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন, লিঙ্গ সমতা এবং সাইবার বুলিং প্রতিরোধসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। মন্ত্রী বাল্যবিবাহ প্রতিরোধ ও সহিংসতা নির্মূলে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি ধর্ষণের মতো অপরাধের বিচারে সহায়তা করতে ডিএনএ ল্যাবরেটরি স্থাপন, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার এবং কুইক রেসপন্স টিমের মাধ্যমে ভুক্তভোগীদের সেবা প্রদানের বিষয়টি হাইকমিশনারকে অবহিত করেন। এছাড়া চা শ্রমিক ও পাহাড়ি জনগোষ্ঠীর নারীদের স্বাবলম্বী করতে সরকারের প্রশিক্ষণ কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি।

বাংলাদেশের সামাজিক নিরাপত্তা এবং নারী ও শিশু অধিকার সুরক্ষায় অগ্রগতির প্রশংসা করেন সারাহ কুক। তিনি এই খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুক্তরাজ্য ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...