বৃষ্টি ও পাহাড় ধসের ঝুঁকিতে চট্টগ্রামে ৩ হাজার পরিবার আশ্রয়কেন্দ্রে
গত দুই দিনের টানা বৃষ্টিপাত ও পাহাড় ধসের আশঙ্কায় চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এরই মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে তিন হাজার পরিবারকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান জানান, নগরীতে ৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং সেখানে ইতোমধ্যে মানুষজন আশ্রয় নিতে শুরু করেছেন।
আকবরশাহ এলাকার ব্র্যাক প্রাক-প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক নম্বর ঝিল এলাকার ১১০ জন বাসিন্দা আশ্রয় নিয়েছেন। এছাড়া ওয়াইডব্লিউসিএ কমিউনিটি স্কুলে ৪০ জন, ইলমুল কোরআন মাদরাসায় ৫০ জন এবং আল হেরা মাদরাসায় ১৫ জন মানুষ আশ্রয় নিয়েছেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফ উদ্দিন বলেন, পাহাড় ধসের ঝুঁকিতে থাকা এলাকাগুলোতে মাইকিং করে মানুষকে সতর্ক করা হচ্ছে। প্রয়োজনে তাদের দ্রুত আশ্রয়কেন্দ্রে আনার জন্য স্কুলের প্রধানশিক্ষক ও নৈশপ্রহরীদের সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রগুলোতে জরুরি ভিত্তিতে শুকনো খাবার ও ওরস্যালাইন বরাদ্দ রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে আরও অনেককে আশ্রয় দিতে হতে পারে বলে ধারণা করছে স্থানীয় প্রশাসন।

