টানা বৃষ্টিতে পাহাড়ধসের শঙ্কা, চট্টগ্রামে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান

প্রাইম বার্তা অনলাইন
০৭ জুলাই ২০২৬ ৭:৪৬ পিএম
টানা বৃষ্টিতে পাহাড়ধসের শঙ্কা, চট্টগ্রামে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান

টানা বর্ষণে চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলোতে পাহাড়ধসের ঝুঁকি তৈরি হয়েছে। এ অবস্থায় নগরের ঝুঁকিপূর্ণ পাহাড়ঘেঁষা এলাকাগুলোতে বসবাসরত মানুষদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (৭ জুলাই) নগরীর বিভিন্ন পাহাড়ঘেঁষা এলাকা পরিদর্শনে গিয়ে মেয়র এ সতর্কবার্তা দেন। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে তিনি স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওইসব এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, মানুষের জীবনের চেয়ে মূল্যবান কিছুই নেই। পাহাড়ধসের ঝুঁকি উপেক্ষা করে কেউ যেন বিপদজনক স্থানে অবস্থান না করেন। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাই যেন নিরাপদে থাকেন এবং প্রশাসনের নির্দেশ মেনে চলেন। তিনি আরও বলেন, সামান্য অসতর্কতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

বর্ষাকালীন এই দুর্যোগ মোকাবিলায় সিটি করপোরেশন সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে জানিয়ে মেয়র সবাইকে পাহাড় কাটা ও ঝুঁকিপূর্ণ বসতি স্থাপন থেকে বিরত থাকার অনুরোধ জানান। প্রয়োজনে প্রশাসনকে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...