এক সন্তান শহীদ অন্যজনের ক্যানসার, মায়ের পাশে প্রধানমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
০৭ জুলাই ২০২৬ ৫:০৯ পিএম
এক সন্তান শহীদ অন্যজনের ক্যানসার, মায়ের পাশে প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে এক সন্তান হারানোর যন্ত্রণা এখনো কাটেনি, তার ওপর অন্য সন্তানের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে দিশেহারা হয়ে পড়েছিলেন ফাতেমা তুজ জোহরা। এই কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার তিনি ক্যানসারে আক্রান্ত মাহমুদুল্লাহ বিন জিসানের চিকিৎসার খোঁজখবর নেন এবং পরিবারের আর্থিক সংকট লাঘবে মায়ের জন্য চাকরির আশ্বাস দেন।

২০২৪ সালের ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ফাতেমা তুজ জোহরার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। এর ঠিক দুই সপ্তাহ পর তার ছোট ছেলে জিসানের শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর স্বামীকেও হারাতে হয় তাকে। একাধিক ট্র্যাজেডির মাঝে জিসানের চিকিৎসার দায়িত্ব নেন তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমানের মাধ্যমে নিয়মিত চিকিৎসার খোঁজখবর নেন তিনি।

মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী জিসানের বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত জানেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় ফাতেমা তুজ জোহরাকে একটি চাকরির প্রতিশ্রুতিও দেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’র সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...