৭৬ জাল ভিসাধারীর বোর্ডিং পাস: বিমানের অভ্যন্তরীণ সিন্ডিকেটের সন্দেহ
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুলসংখ্যক মানুষকে জাল ভিসায় বিদেশে পাঠানোর ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। গত ৪ জুলাই মালয়েশিয়াগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ট্যুরিস্ট ভিসায় ৭৬ জন যাত্রীকে পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল। তবে বোর্ডিং গেটে গোপন কোড বলতে না পারায় এবং ভিসার অমিল থাকায় তাদের যাত্রা ব্যর্থ হয়, যা প্রমাণ করে বিমানবন্দরের অভ্যন্তরেই একটি শক্তিশালী মানবপাচার চক্র সক্রিয় রয়েছে।
জানা গেছে, বিজি-৩৮৬ ফ্লাইটের যাত্রীদের বোর্ডিং পাস দেওয়ার সময় একটি নির্দিষ্ট কোড বা সংকেত ব্যবহার করা হতো। নিরাপত্তা কর্মীদের সন্দেহ হলে যাত্রীদের কাগজপত্র যাচাই করা হয় এবং দেখা যায় তাদের ভিসা ও পাসপোর্টে ব্যাপক গরমিল রয়েছে। এরপরই আতঙ্কে আরও ১০ জন যাত্রী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গোয়েন্দা নজরদারিতে তাদের শনাক্ত করা হয়। এছাড়া চেক-ইন কাউন্টারে থাকা অন্য ৬১ যাত্রী পরিস্থিতি বুঝতে পেরে বোর্ডিং পাস না নিয়েই বিমানবন্দর থেকে চমে যান।
এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। জাল ভিসা থাকা সত্ত্বেও এত বিপুলসংখ্যক যাত্রীর টিকিট কীভাবে কাটা হলো এবং তারা কীভাবে বোর্ডিং পাস পেলেন, তা নিয়ে গভীর সন্দেহ সৃষ্টি হয়েছে। পুলিশের বিশেষ শাখা (এসবি), গোয়েন্দা সংস্থা ও সিভিল এভিয়েশন যৌথভাবে বিষয়টি তদন্ত করছে। অনেকের অভিমত, বিমানের অভ্যন্তরেই এই পাচার চক্রের কোনো প্রভাবশালী সিন্ডিকেট কাজ করছে কিনা তা খতিয়ে দেখা জরুরি হয়ে পড়েছে।

