বর্ষায় কাজে বাধা রোধে চসিকের ৩৩০০ কর্মী পেলেন রেইনকোট
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) বর্ষাকালীন পরিচ্ছন্নতা কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে সোমবার (৬ জুলাই) টাইগারপাসস্থ চসিক প্রধান কার্যালয়ে প্রায় তিন হাজার ৩০০ জন পরিচ্ছন্নতাকর্মীর হাতে রেইনকোট তুলে দিয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যাতে নগরীর স্বাস্থ্যসুরক্ষা ও পরিচ্ছন্নতা অব্যাহত থাকে, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
অনুষ্ঠানে মেয়র শাহাদাত হোসেন বলেন, একটি সুস্থ ও পরিচ্ছন্ন নগর গড়তে এই পরিচ্ছন্নতাকর্মীদের ভূমিকা অপরিসীম। তাই বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ যেন তাদের কাজে বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্য তাদের সুরক্ষার্থে এই রেইনকোট দেওয়া হলো। তিনি কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলেন, দায়িত্বে গাফিলতি বা কাজে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন হতে তিনি নির্দেশ দেন যে, খোলা ট্রাকে ময়লা বহন করলে তা থেকে দুর্গন্ধ ছড়ায় ও পরিবেশ দূষিত হয়, তাই নির্ধারিত নিয়ম মেনে ট্রাকে আবর্জনা ঢেকে নিয়ে যেতে হবে।
চট্টগ্রামকে একটি আধুনিক ও মডেল নগরী হিসেবে গড়ে তুলতে প্রশাসন, কর্মী এবং নগরবাসী সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান মেয়র। এসময় চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা এবং সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

