বৃষ্টির ধমকেও থামবে না পরিচ্ছন্নতা, চসিকের ৩৩০০ কর্মী পেলেন রেইনকোট
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কর্তৃপক্ষ বর্ষা মৌসুমে নগরীর পরিচ্ছন্নতা অব্যাহত রাখতে যুদ্ধকালীন প্রস্তুতি নিয়েছে। এরই অংশ হিসেবে পরিচ্ছন্ন বিভাগের প্রায় তিন হাজার ৩০০ জন কর্মীর মাঝে বৃষ্টির পোশাক বা রেইনকোট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার (৬ জুলাই) টাইগারপাসস্থ চসিক প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই রেইনকোট বিতরণের উদ্বোধন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে মেয়র বলেন, একটি সুস্থ ও পরিচ্ছন্ন নগরী গড়তে এই সাধারণ কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়ার কারণে যাতে পরিচ্ছন্নতা কাজে কোনো ব্যাঘাত না ঘটে, সেজন্যই তাদের এই সুরক্ষা সামগ্রী দেওয়া হচ্ছে। একইসঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেন, কর্মস্থলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে। দায়িত্বে অবহেলা বা গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও কিছু নির্দেশনা দেন মেয়র। খোলা ট্রাকে ময়লা বহন করলে তা রাস্তায় পড়ে পরিবেশ দূষণ ঘটায় এবং দুর্গন্ধ ছড়ায়। তাই তিনি নির্দেশ দেন, আবর্জনা পরিবহনের সময় অবশ্যই ট্রাকের মুখ ঢেকে রাখতে হবে। এ সময় চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

