জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: হাইতিতে পুলিশ মোতায়েন ও শান্তিরক্ষা আলোচনা
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতিসংঘের ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্টের (ডিওএস) আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের সাথে বৈঠক করেছেন। সোমবার স্থানীয় সময় সকালে অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা আরও জোরদার করা, শান্তিরক্ষীদের সক্ষমতা বৃদ্ধি এবং হাইতিতে বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বৈঠকে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি কন্টিনজেন্টের রিইমবার্সমেন্ট বা খরচ পরিশোধ প্রক্রিয়া সহজতর করার জন্য জাতিসংঘ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনের পরিবেশগত প্রভাব কমাতে অঙ্গীকারাবদ্ধ বলে জানান তিনি। বিশ্বে প্রথমবারের মতো জাতিসংঘ মিশনে সৌর প্যানেল স্থাপনের অভিজ্ঞতা তুলে ধরে ভবিষ্যতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আরও বাড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া নারী শান্তিরক্ষীদের জন্য নিরাপদ ও নারী-বান্ধব অবকাঠামো নিশ্চিত করতে এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় উন্নত প্রশিক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন মন্ত্রী।
হাইতির বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ পুলিশ তিনটি আধুনিক বিশেষায়িত ফর্মড পুলিশ ইউনিট (এফপিইউ) মোতায়েনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এই ইউনিটগুলোতে সোয়াত, র্যাপিড রেসপন্স, ইওডি, ফরেনসিক, সাইবার অপরাধ তদন্ত, নদী বা রিভারাইন অপারেশন এবং মাদকবিরোধী অভিযানের মতো আধুনিক সক্ষমতা রয়েছে। এ বিষয়ে আগামী ১৫ থেকে ১৭ জুলাই জাতিসংঘ সদর দপ্তরে এমওইউ সংক্রান্ত আলোচনায় বাংলাদেশ পুলিশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশ নেবে। প্রয়োজনে অন্যান্য দেশের সঙ্গে যৌথভাবেও বিশেষায়িত পুলিশ টিম মোতায়েনে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

