বৃষ্টির দিনেও বন্ধ থাকবে না পরিচ্ছন্নতা, ৩৩০০ কর্মীকে রেইনকোট দিল চসিক

প্রাইম বার্তা অনলাইন
০৭ জুলাই ২০২৬ ১২:৫৫ এএম
বৃষ্টির দিনেও বন্ধ থাকবে না পরিচ্ছন্নতা, ৩৩০০ কর্মীকে রেইনকোট দিল চসিক

বর্ষা মৌসুমে প্রতিকূল আবহাওয়ার মাঝেও নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রায় ৩ হাজার ৩০০ জন কর্মীর মাঝে রেইনকোট বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জুলাই) নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে মেয়র বলেন, একটি সুস্থ ও পরিচ্ছন্ন নগর গড়ে তোলার ক্ষেত্রে এই পরিচ্ছন্নতাকর্মীদের অবদান অপরিসীম। নগরবাসীর স্বাস্থ্য ও জীবনমান নির্ভর করে তাদের কঠোর পরিশ্রমের ওপর। তাই বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়া যেন কোনোভাবেই পরিচ্ছন্নতার কাজে বাধা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যেই সবাইকে এই রেইনকোট দেওয়া হচ্ছে। তিনি সকল কর্মীকে কর্মস্থলে নিয়মিত হাজির থাকার নির্দেশ দেন এবং দায়িত্বে গাফিলতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন।

এ সময় বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মেয়র আরও বলেন, খোলা ট্রাকে ময়লা বহন করলে তা পথে পড়ে পরিবেশ দূষণ ঘটায় এবং দুর্গন্ধ ছড়ায়। তাই বর্জ্য পরিবহনের সময় অবশ্যই ট্রাকে আবর্জনা ঢেকে রাখতে হবে এবং নির্ধারিত নিয়ম মেনে কাজ করতে হবে। চট্টগ্রামকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে প্রশাসন, কর্মী এবং সাধারণ নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন তিনি। এসময় চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি ও উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...