সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড: নতুন কমিটি গঠন করল সরকার
সরকার প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন করেছে। রোববার ৫ জুলাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। নতুন এই কমিটির দায়িত্ব হবে সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করা এবং এ সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি করা।
প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা অনুযায়ী গঠিত এই কমিটির সভাপতি হিসেবে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তাকে নির্বাচিত করা হয়েছে। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (প্রেস-২) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিবকে সদস্য করা হয়েছে।
সাংবাদিক নেতাদের মধ্যে দৈনিক দিনকাল সম্পাদক আতিকুর রহমান রুমন, ডিইউজে-বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম এবং একাত্তর টেলিভিশনের সিইও মো. শফিকুল ইসলাম এই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত আছেন। গঠনতন্ত্র অনুযায়ী এই কমিটি প্রয়োজনে নীতিমালায় সংশোধনের সুপারিশ করতে পারবে।
উল্লেখ্য, ২০২৫ সালে প্রণীত নতুন প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা অনুযায়ী স্থায়ী ও অস্থায়ী কার্ডের বদলে সবার জন্য তিন বছর মেয়াদি একই ধরনের কার্ড ইস্যুর বিধান রাখা হয়েছে।

