গ্রামকে শক্তিশালী করলেই সমৃদ্ধ দেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সারা দেশের উন্নতির মূল চাবিকাঠি হলো গ্রাম ও পল্লির বিকাশ। আগামীকাল সোমবার (৬ জুলাই) ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে আজ রোববার (৫ জুলাই) প্রদত্ত এক বাণীতে তিনি এ কথা জানান। তিনি জানান, সবাই যাতে উন্নয়নের মূলধারায় থাকতে পারে, সেজন্য বর্তমান সরকার গ্রামের দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।
এবারের দিবসের প্রতিপাদ্য ‘উন্নত পল্লি, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’। প্রধানমন্ত্রী বলেন, এই প্রতিপাদ্য সরকারের উন্নয়ন দর্শনের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। তিনি উল্লেখ করেন, আমাদের অর্থনীতি ও সংস্কৃতির মূল জায়গা হলো পল্লি। দেশের প্রায় ৬৮ শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন এবং কৃষি, ক্ষুদ্র উদ্যোগ ও কুটিরশিল্পের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখছেন।
গ্রামীণ অর্থনীতির ঐতিহ্য ও উন্নয়নের ধারাবাহিকতায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকার কথাও স্মরণ করেন সরকার প্রধান। ১৯৭৭ সালে জিয়াউর রহমান যে ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন, তার মূল লক্ষ্য ছিল কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠা এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন।
তারেক রহমান বলেন, গ্রামের মানুষের জীবনমান ও উৎপাদনশীলতা বাড়লে দেশের সামগ্রিক অগ্রগতি ত্বরান্বিত হবে। কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমেই দেশের অর্থনীতি এগিয়ে যাবে। তাই সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বাংলাদেশ গড়তে পল্লি উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে সরকার।

