গ্রামই আমাদের শক্তি, পল্লী উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

প্রাইম বার্তা অনলাইন
০৫ জুলাই ২০২৬ ৯:২৭ পিএম
গ্রামই আমাদের শক্তি, পল্লী উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বাঙালির ঐতিহ্যবাহী গ্রামীণ জীবন ও সংস্কৃতিই জাতীয় অগ্রগতির মূল চালিকাশক্তি। আগামীকাল সোমবার (৬ জুলাই) ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার (৫ জুলাই) প্রদত্ত এক বাণীতে তিনি জানান, দেশের প্রায় ৬৮ শতাংশ জনগোষ্ঠী গ্রামে বসবাস করে। ফলে, বাংলাদেশের সার্বিক সমৃদ্ধি নির্ভর করছে এই বিপুল জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নতির ওপর।

রাষ্ট্রপতি উদ্বেগ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে শহর কেন্দ্রিক উন্নয়ন ও সীমিত বিকেন্দ্রীকরণের কারণে গ্রামের অবকাঠামো ও মানুষের জীবনমান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন এবং স্মার্ট বাংলাদেশ গড়তে হলে পল্লী উন্নয়নে সুনির্দিষ্ট ও সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’ স্লোগানে প্রথমবারের মতো এই দিবসটি পালনের উদ্যোগকে তিনি স্বাগত জানিয়েছেন। এছাড়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন এবং বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতার কথা তুলে ধরেন।

গ্রামীণ জনপদকে আধুনিক ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান তিনি। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি প্রযুক্তিনির্ভর মানবসম্পদ উন্নয়ন, নারী ও যুব উদ্যোক্তা তৈরি, স্বাস্থ্য ও শিক্ষা সেবার প্রসার এবং কৃষি উৎপাদন বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে। রাষ্ট্রপতি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গ্রামের উন্নয়নে অংশ নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অবদান রাখার আহ্বান জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...