স্বাস্থ্য খাতে শুধু বাজেট বাড়ালেই হবে না: অর্থমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
০৪ জুলাই ২০২৬ ৩:৫৬ পিএম
স্বাস্থ্য খাতে শুধু বাজেট বাড়ালেই হবে না: অর্থমন্ত্রী

শুধুমাত্র বাজেট বরাদ্দ বা বিনিয়োগ বাড়িয়েই স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়, বরং এই খাতে গুণগত পরিবর্তন আনা জরুরি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চিকিৎসক, শিক্ষক ও সংশ্লিষ্ট পেশাজীবীদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন নিজ নিজ দায়িত্ব থেকে পরিবর্তনের উদ্যোগ নেওয়ার জন্য।

শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যখাতে কিছু নেতিবাচক চর্চা স্বাভাবিক রূপ নিয়েছে, যা থেকে বের হয়ে পুরো ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর সময় এসেছে।

অর্থমন্ত্রী জানান, প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদার করতে সরকার এক লাখ কর্মী নিয়োগ দিচ্ছে। এই খাতে এবার অতীতের যেকোনো সময়ের চেয়ে বড় বরাদ্দ দেওয়া হয়েছে এবং সরকার প্রয়োজনীয় অর্থ দিতে প্রস্তুত। তবে এই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।

বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রশাসনিক ও পেশাগত দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। বৈশ্বিক সংকট ও মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত অর্থনৈতিক চাপের মধ্যেও সরকার সাহসী বাজেট দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি বাস্তবায়ন চ্যালেঞ্জিং হলেও সরকার সফলভাবে তা করতে সক্ষম হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...