জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মৃতি স্মারক প্রদান প্রধানমন্ত্রীর
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের হাতে স্মৃতি স্মারক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই জাতীয় সম্মেলন ২০২৬’ এর এক অনুষ্ঠানে তিনি এই সম্মাননা প্রদান করেন। এর মাধ্যমে সরকারের পক্ষ থেকে আন্দোলনে আত্মত্যাগকারী বীর শহীদ এবং আহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে শহীদ মিরাজের বাবা আব্দুর রব মিয়া প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে স্মৃতি স্মারক গ্রহণ করেন। এরপর শহীদ সেলিমের ভাই উজ্জ্বল হোসেন, জুলাই আন্দোলনে আহত আল মিরাজ এবং জুলাইযোদ্ধা মোহাম্মদ আমিনুল ইসলাম ইমন প্রধানমন্ত্রীর হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন। সঞ্চালক জানান, মঞ্চে উপস্থিত কয়েকজন প্রতিনিধি এটি গ্রহণ করলেও জুলাই স্মৃতি পরিবারের প্রত্যেক সদস্যের জন্য স্মৃতি স্মারক সংরক্ষিত রয়েছে এবং নির্ধারিত সময়ে সবার কাছে তা পৌঁছে দেওয়া হবে।
চিফ হুইপ নুরুল ইসলাম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরণ সভার শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই আয়োজনের মাধ্যমে জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারের প্রতি সরকারের সংহতি ও সম্মাননা পুনর্ব্যক্ত করা হলো।

