ফটিকছড়িতে ট্রলি খাদে, বাড়ি ফেরা হলো না কিশোর চালকের

প্রাইম বার্তা অনলাইন
০৪ জুলাই ২০২৬ ১২:৫৬ পিএম
ফটিকছড়িতে ট্রলি খাদে, বাড়ি ফেরা হলো না কিশোর চালকের

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১৩ বছরের এক কিশোর। শুক্রবার সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মালামাল বোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ওই কিশোরের মৃত্যু হয়। এ ঘটনায় ট্রলিতে থাকা আরেক কিশোর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নয়াহাট বাজার সংলগ্ন কাশেম চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম মিনহাজ। তিনি ওই এলাকার বাসিন্দা মনসুরের ছেলে এবং ট্রলিটির চালক ছিলেন। দুর্ঘটনায় আহত হন একই এলাকার ইয়াসিনের পুত্র সাইম (১৪)।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিনহাজকে মৃত ঘোষণা করেন। আহত সাইমকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বাড়িতে পাঠানো হয়েছে। লেলাং ইউনিয়ন পরিষদের সদস্য রুমা আক্তার জানান, ডেকোরেশনের সামগ্রী নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল ট্রলিটি। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...