তেহরানে স্পিকার হাফিজ: যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে সমৃদ্ধির আশা
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান পৌঁছেছেন। শুক্রবার তেহরানের গ্রান্ড মাসাল্লায় আয়োজিত শোকসভায় তিনি নিহত নেতার বিদেহী আত্মার জন্য দোয়া করেন এবং শোকবার্তা বইতে স্বাক্ষর করেন। এ সময় তিনি ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানসহ ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান।
সফরকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত শান্তি চুক্তির ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তি ইরানসহ সমগ্র অঞ্চলে স্থায়ী শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে এবং কূটনৈতিক সমাধানের মাধ্যমে সব সমস্যার অবসান হবে। এছাড়া তিনি ইরানের স্পিকারকে পরবর্তী সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
খেলাধুলার ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে স্পিকার ইরানের ক্রীড়া মন্ত্রী আহমাদ দুনিয়ামালীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইরানি ক্রীড়া মন্ত্রী তাদের দেশে ক্রিকেট খেলার উন্নয়নে বাংলাদেশের সহায়তা এবং এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন। স্পিকার এই প্রস্তাবটি বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর নিকট পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। সফরের শেষ পর্যায়ে তিনি ইরান রেডিও’র বাংলা বিভাগকে সাক্ষাৎকার প্রদান করেন এবং প্রবাসী বাংলাদেশিদের সেবা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

