তেহরানে খামেনির জানাজায় স্পিকার, শান্তি চুক্তিতে আশাবাদ

প্রাইম বার্তা অনলাইন
০৪ জুলাই ২০২৬ ১২:৩২ পিএম
তেহরানে খামেনির জানাজায় স্পিকার, শান্তি চুক্তিতে আশাবাদ

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান পৌঁছেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সেখানে তিনি ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানসহ শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এসময় স্পিকার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত শান্তি চুক্তির প্রশংসা করে বলেছেন, এই চুক্তি অঞ্চলজুড়ে স্থায়ী শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।

তেহরানের গ্রান্ড মাসাল্লায় আয়োজিত ভাবগাম্ভীর্যপূর্ণ জানাজায় অংশ নিয়ে স্পিকার নিহত নেতার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক বইতে স্বাক্ষর করেন। ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি খামেনি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এসময় তিনি গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

সফরের অন্যতম অংশ হিসেবে স্পিকার ইরানের ক্রীড়া মন্ত্রী আহমাদ দুনিয়ামালীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইরানে ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চাওয়া হয়। খেলাধুলায় সম্পর্ক জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করলে স্পিকার বিষয়টি বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে পৌঁছে দেবেন বলে আশ্বস্ত করেন। এর আগে তিনি ইরান রেডিও’র বাংলা বিভাগকেও সাক্ষাৎকার দেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...